নয়ন হোসেন,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মিড-ডে মিলের খাবার খেয়ে কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তাদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। ঘটনার পর সংশ্লিষ্ট বিদ্যালয় পরিদর্শন, হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়া এবং খাবারের নমুনা পরীক্ষাসহ তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার পলাশবাড়ী এলাকার মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের ডিম খাওয়ার পর কয়েকজন শিক্ষার্থীর শরীরে ফুসকুড়ি ও চুলকানি দেখা দেয়। পরে অসুস্থ শিক্ষার্থীদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এর আগে গত ২১ সেপ্টেম্বর উপজেলার মধুপুর-১, তুলশীপাড়া ও মধ্য গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও মিড-ডে মিলের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনার পর জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য নেওয়া হয়। পরে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয় এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
শিক্ষার্থীরা কী কারণে অসুস্থ হয়েছে, তা নিশ্চিত করতে খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি পূর্বের ঘটনার বিষয়ে ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।সংশ্লিষ্টরা জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার কারণ নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর মিড-ডে মিলের খাবারের মান, প্রস্তুত প্রক্রিয়া, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সার্বক্ষণিক তদারকি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।