নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি
সরকারের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি শনিবারের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে এবং ঠাকুরগাঁও পৌরসভার সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। এতে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা অংশগ্রহণ করেন।
অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং ডেঙ্গুর বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রধানরা নিজ নিজ অফিস ও দপ্তর প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেন।পরিচ্ছন্নতা অভিযানে বিএনসিসি, বাংলাদেশ স্কাউটস ও বিডি ক্লিনের সদস্যরাও সক্রিয়ভাবে অংশ নিয়ে সহযোগিতা করেন।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে কোথাও যাতে পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আসুন, পরিচ্ছন্ন থাকি, ডেঙ্গুমুক্ত ঠাকুরগাঁও গড়ে তুলি।