মামুন হোসেন খান
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়ন থেকে শাহাজাহানপুর ইউনিয়ন পর্যন্ত সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় পিঠালিতলা মরা নদীর ওপর ১ হাজার ৮০০ মিটার দীর্ঘ ব্রিজ নির্মাণের পাশাপাশি প্রায় ৭ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে দেবিনগর, শাহাজাহানপুরসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমবে। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় যোগাযোগ ব্যবস্থায়ও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অনুমোদিত প্রকল্পের স্থান পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান।
স্থানীয়রা জানান, পিঠালিতলা মরা নদীর কারণে দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের যাতায়াতে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। নদীর ওপর ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণ হলে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটবে। পাশাপাশি কয়েকটি ইউনিয়নের মানুষের যোগাযোগ আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে। এলাকাবাসী দ্রুত প্রকল্পের কাজ শুরু ও যথাযথ মান বজায় রেখে তা বাস্তবায়নের প্রত্যাশা জানিয়েছেন।