আজিজুল হাকিম, দিনাজপুর, উপজেলা প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষকদের প্রতারিত করার অপচেষ্টা রুখতে এবং নকল ও ভেজাল কীটনাশক বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নকল ও নিম্নমানের কীটনাশক বিক্রির দায়ে দুইজনকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দোকান থেকে বিপুল পরিমাণ নকল ও ক্ষতিকর কীটনাশক জব্দ করা হয়।
শুক্রবার (২ অক্টোবর) উপজেলার বারই হাটে অবস্থিত ‘মেহেদী ট্রেডার্স’ নামের একটি কীটনাশকের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাছান।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসাধু উপায়ে বাজারে ভেজাল ও নিম্নমানের কীটনাশক বাজারজাত ও বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে তথ্যের ভিত্তিতে ওই দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় খুচরা বিক্রেতা মেহেদীকে ২০ হাজার টাকা এবং ডিলারের প্রতিনিধিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাদের কাছ থেকে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে দোকান থেকে উদ্ধার করা নকল ও ক্ষতিকর কীটনাশক জব্দ করা হয়।
অভিযানে সার্বিক দিকনির্দেশনা ও কারিগরি তথ্য-সহায়তা প্রদান করেন ফুলবাড়ী উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহানুর রহমান। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাছান বলেন, কৃষকের কষ্টার্জিত ফসল রক্ষা এবং অসাধু ব্যবসায়ীদের অনিয়ম বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ও কঠোর মনিটরিং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।